
বাংলার কাগজ ডেস্ক : দেশের সরকারি বিদ্যালয়ের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিক্ষা, কৃষি ও পুঁজিবাজার নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথাও তুলে ধরেন।
তিনি জানিয়েছেন, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে। হিউম্যান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধি করা হবে।
কৃষির অগ্রগতি নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানা আবার চালু করা হবে। সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।
এ সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার চীনে কাঁঠাল রপ্তানি করবে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।