1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত চার দিনের টানা বর্ষণে বান্দরবান বন্যাকবলিত, আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে? এমবাপ্পে-হাল্যান্ডকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, ঢাকাসহ দুই বিভাগে জলাবদ্ধতার শঙ্কা

চার দিনের টানা বর্ষণে বান্দরবান বন্যাকবলিত, আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যাকবলিত মানুষের জন্য জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত বান্দরবান সদর উপজেলার ১৪টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন আশ্রয় নিয়েছেন। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে অন্যান্য উপজেলার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বান্দরবান সদরে ৪৬টি, রুমায় ২৮টি, রোয়াংছড়িতে ১৯টি, থানচিতে ১৫টি, আলীকদমে ১৫টি, লামায় ৫৫টি এবং নাইক্ষ্যংছড়িতে ৪২টিসহ মোট ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণ ও উজানের ঢলে বান্দরবান পৌর এলাকার হাফেজঘোনা, কালাঘাটা, ক্যংচিংঘাটা, বালাঘাটা, বরিলালপাড়া, মারমা বাজার নদীপাড়, কাশেমপাড়া ও মেম্বারপাড়াসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমর থেকে গলা সমান পানি জমে রয়েছে। অনেক পরিবার প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে সরে গেছেন। কেউ আশ্রয়কেন্দ্রে, কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে, আবার কেউ উঁচু সড়কের পাশে অস্থায়ী ঝুপড়ি তৈরি করে আশ্রয় নিয়েছেন।

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া হোসনে বেগম বলেন, সোমবার রাত দুইটার দিকে হঠাৎ পানি বাড়তে শুরু করলে তিনি দুই সন্তানকে নিয়ে প্রয়োজনীয় মালামালসহ আশ্রয়কেন্দ্রে চলে আসেন। তার বসতঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা মনিকা বড়ুয়া বলেন, রাত সাড়ে ১২টার দিকে দ্রুত পানি বাড়তে থাকে। বিদ্যুৎ না থাকায় মালামাল সরাতে চরম ভোগান্তি হয়েছে। বড় আসবাবপত্র রেখে বাধ্য হয়ে সকালে আশ্রয়কেন্দ্রে চলে আসেন।

একই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ঝর্না রাণী দাশ জানান, তার বাড়িও বন্যার পানিতে তলিয়ে গেছে। বর্তমানে সেখানে প্রায় ১৯১টি পরিবার আশ্রয় নিয়েছে। পৌরসভা থেকে আশ্রয়কেন্দ্রে খিচুড়ি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে।

মারমা বাজার নদীপাড় এলাকার বাসিন্দা মংমে মারমা বলেন, ভারী আসবাবপত্র ফেলে যেতে না চাওয়ায় তারা আশ্রয়কেন্দ্রে না গিয়ে সড়কের পাশে অস্থায়ী ঝুপড়ি তৈরি করে অবস্থান করছেন।

পানি উন্নয়ন বোর্ডের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, মাতামুহুরী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৮০ মিটার হলেও বুধবার সকাল ৯টায় নদীর পানি ১১ দশমিক ৯৮ মিটারে ছিল। একই সময়ে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার ছাড়িয়ে ১৬ দশমিক ০৬ মিটারে পৌঁছায়।

আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের অফিসার ইনচার্জ সনাতন কুমার মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত।

বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, পাহাড়ধস ও বন্যার ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। পাশাপাশি আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে।

 

এদিকে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই জানান, আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাকবলিত পরিবারগুলোর জন্য চাল, ডাল, পেঁয়াজ ও বিশুদ্ধ পানিসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং যেসব প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com