1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : পৃথক ঘটনায় শেরপুরের নালিতাবাড়ীতে তিন শিশু ও এক বৃদ্ধাসহ পাঁচ মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশি গ্রামের একটি পুকুর থেকে ইসমাইল ও রোহান নামে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা। রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, গত রোববার দুপুরে দুইজন বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেন। সোমবার ভোরে স্থানীয় বড় একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তারা পানিতে ডুবে মারা গেছে বলে জানায় স্বজনরা।

এদিকে, সোমবার দুপুর তিনটার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং কন্যার বাড়িতেই থাকতেন।

এছাড়া রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সেসব হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণও জানতে পারেনি পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান মরদেহসমূহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com