
লালমনিরহাট : শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণ এবং শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মান রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই শিক্ষার মান ও ফলাফলে দৃশ্যমান উন্নতি আনা সম্ভব।
তিনি বলেন, বিদ্যালয়ে কোনো অনিয়ম বা ভুলত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি ও ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া ও অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বিশেষ যত্ন নিতে হবে। তাদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল অপপ্রচারের তীব্র নিন্দা জানান তিনি। এ ধরনের ন্যক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
শিক্ষকদের রাজনীতির স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, কিশোর অপরাধ রোধে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
এ সময় আগামী ১০ অক্টোবর থেকে লালমনিরহাট জেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর ঘোষণাও দেন তিনি।একটি সুন্দর, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে হলে শিক্ষার ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে হবে। জেলার শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মননীতা দাসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।