
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নেত্রকোনায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠান এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নেত্রকোনা জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন নাহার লিজাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ফলাফলের দিক থেকে পিছিয়ে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মান ও ফলাফল উন্নয়নে এসব সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
আয়োজকেরা বলেন, কোনো শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে পিছিয়ে রাখা যাবে না। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।