
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ‘মাদক নির্মূল কমিটি’র নাম ব্যবহার করে গারো সম্প্রদায়ের দুই তরুণকে আটকে মারধর, টাকা কেড়ে নেওয়া ও ১০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এর প্রতিকার চেয়ে গণআবেদন করেছেন গারো সম্প্রদায়ের লোকজন।
সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (৭ সেপ্টেম্বর) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ গণআবেদন দাখিল করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাতে সমশূড়া বাজার থেকে ধোপাকুড়া যাওয়ার পথে অটোরিকশা আটকে জাহিদ ও আশিক নামে দুই তরুণকে আটক করে তাদের মাদক কারবারী আখ্যা দিয়ে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় চান মিয়া, ইউনুছ আলী ও মাহফুজসহ ১৫ থেকে ১৬ জন ওই ঘটনায় জড়িত বলে গণআবেদনে উল্লেখ করা হয়েছে।