
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।
তবে বিয়ের আয়োজন কোথায় হবে কিংবা পাত্র কে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরী।
বিষয়টি নিশ্চিত করে একাধিকসূত্র জানায়, আপাতত বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি জানান, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে সে সময় বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে—এমন খবর। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনও বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।
এর কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন কিংবা বিয়ের পরের পরিকল্পনা—কোনো বিষয়েই এখনও বিস্তারিত জানা যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। এবার বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।