
মাদারীপুর: মাদারীপুর শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা যাত্রীবাহী বাসে আরেক বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, পালকি পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হওয়ায় সেটি এক্সপ্রেসওয়ের পাশে পার্কিং করে মেরামতের কাজ চলছিল। এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হয়েছেন এবং ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসীর মাহমুদ বলেন, ‘দুপুরের পর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখি সংঘর্ষে তিন যাত্রী মারা গেছেন। মরদেহ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। নিহতদের পরিবার এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।