
রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে মেয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, ইট ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নজরুল ইসলাম খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। আটক গোলাপী বেগম একই এলাকার ইমান সরদারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়,গত বুধবার দুপুরে নজরুল ইসলামের মেয়ে রুনা তার ফেসবুক আইডিতে একই এলাকার গোলাপী বেগমের মেয়েকে উদ্দেশ্য করে একটি কটূক্তিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। তবে ওই পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি। এ পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদারের সঙ্গে নজরুল ইসলামের পরিবারের বিরোধের সৃষ্টি হয়।
এর জেরে শুক্রবার ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম নজরুল ইসলাম খানের বাড়ির সামনে আসেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইট ও লাঠি দিয়ে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
এ সময় নজরুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় নজরুল ইসলামের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনাও গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।