1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের শেষে সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট দুর্গাপূজার নিরাপত্তায় ৩৯ বিজিবির ১৪ প্লাটুন সদস্য প্রস্তুত শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রকল্পের কাজের মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার মাদক আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে পাঠচক্রে আলোর ফেরিওয়ালা সেকান্দার আলীকে স্মরণ

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী: রাজশাহীতে বিসিবির চলন্ত কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোর চক্র মোটরসাইকেল থেকেই কাভার্ডভ্যানের পেছনে উঠে পড়েছিল। এরপর দরজার তালা ভেঙে ৮টি লাগেজ চুরি করে নিয়ে গিয়েছিল বলে জানায় পুলিশ।

‎বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিনব কায়দায় এমন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া মালামাল। তবে একটি লাগেজের ভেতর ক্রিকেটার এসএম মেহেরব হাসানের তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি।
‎
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) ও তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এছাড়া, সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।

‎প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ডভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল। বুধবার সকালে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ক্রিকেটারদের ৮টি লাগেজ নেই। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

‎রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চোর চক্রকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালও উদ্ধার হয়।

‎উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১টি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ ৮ হাজার টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে বুধবার ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেছিলেন। ভোর আনুমানিক পাঁচটার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ডভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যান। ‎পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ডভ্যানের চালক সজীবকে জানান। তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে দরজা লাগিয়ে রাজশাহী পৌঁছান। হোটেলে ক্রিকেটারদের কাছে মালামাল নামানোর সময় দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি ৮টি লাগেজ চুরি হয়েছে।
‎
এ বিষয়ে ক্রিকেটার মেহরব হাসান জানান, লাগেজে থাকা অন্য মালামাল উদ্ধার হলেও তার তিন লাখ টাকা উদ্ধার হয়নি। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।
‎
অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com