
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ভূইয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ভূইয়াপাড়া গ্রামের মো. শামিম মিয়া (২১) ও জিগাতলা গ্রামের মো. রাসেল মিয়া (২২)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মদ ও মোটরসাইকেলসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।