
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার পাখি ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি আরবপ্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। স্বামীর অনুপস্থিতিতে মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়ক এলাকায় যান আকলিমা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মা-মেয়ে রেললাইনে উঠলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাফা মনিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।