1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে রান্না বসিয়ে টিভি দেখতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ল ১৬ ঘর রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২ বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর

আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ উচ্চপর্যায়ের আলোচনায় বসেন দুই রাষ্ট্রনায়ক।

বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের টেকসই প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাত এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বহুমুখী স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়টি এ বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার ফলপ্রসূ সাক্ষাতের কথা স্মরণ করেন। বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও আঙ্কারার মধ্যকার সহযোগিতার চলমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজন করায় তুরস্ক সরকারকে উষ্ণ অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, প্রতিরক্ষা খাতে পারস্পরিক প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি এ খাতে উভয় দেশের যৌথ বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনতে এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলোচনার তাগিদ দেন তিনি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ আহরণে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বৃহৎ বিনিয়োগের চমৎকার ক্ষেত্র ও পরিবেশ বিদ্যমান। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক আর্থিক ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান প্রসঙ্গে তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় তুরস্কের অবিচল সংহতি ও নীতিগত সমর্থনের জন্য তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য মাঠপর্যায়ে তুরস্কের বিভিন্ন মানবিক ত্রাণ কার্যক্রমের জন্য দেশটির জনগণকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সক্রিয় ভূমিকা ও কূটনৈতিক চাপ অত্যন্ত অপরিহার্য। এই মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামগুলোতে তুরস্ক ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবে বলে তিনি জোরালো আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com