1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিয়াকৈরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের অস্থিরতা এখনো কাটেনি। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে। এদিন সকালে যথারীতি কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘ সময় ফটকের সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো পোশাক শ্রমিক।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ মোট সাতটি কারখানার ফটকে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিকরা জানান, তারা প্রতিদিনই কাজের আশায় কারখানায় আসেন, কারণ কাজ না করলে তাদের পেটে খাবার জোটে না। তারা কারখানায় স্বাভাবিক কাজের পরিবেশ চান। শ্রমিকদের ভাষ্য, বেতনের দাবিতে সবাই আন্দোলন করেছিলেন এবং সরকার বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছে। এখন তারা কাজে ফিরতে চান, কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলার মুখে পড়ছেন। সকালে এসেই শুনতে পান কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, আর আজ এসে দেখছেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে আছে গাজীপুর শিল্পাঞ্চল। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিক কাজ হচ্ছে না। আজ থেকে ঠিক কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক নোটিশ এখনো পুলিশের কাছে এসে পৌঁছায়নি; কর্তৃপক্ষ হয়তো আজই এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালেই ছুটি ঘোষণা করেছে। তবে আজ রোববার জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com