
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা এলাকা থেকে মালিকবিহীন ৩ হাজার ৫৯৩ পিস ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন ১০৯৪ নম্বর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা ডেনভার ব্র্যান্ডের ৩ হাজার ৫৯৩ পিস বডি স্প্রে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে।
জব্দ করা বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে।