
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে জালকাটা মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কয়েক শতাধিক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক তারকা ফুটবল খেলোয়াড় ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো. ফজলুল হক চৌধুরী অকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন শাহজাদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিস্টার ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম আকন্দ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি সেরা খেলোয়াড়ের হাতে সম্মাননা ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।