1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে অসুস্থ মাইসার চিকিৎসায় সাবাব ফাউন্ডেশনের সহায়তা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: একসময় হাসি-খেলায় মুখর থাকত যে শিশুর শৈশব, জটিল স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে সেই শিশুর দিন কাটছে এখন অসহনীয় যন্ত্রণায়। চার বছর ধরে ডিস্টোনিয়া রোগের সঙ্গে লড়াই করছে ১০ বছর বয়সী মেহরিমা তাবাসসুম মাইসা। মেয়ের চিকিৎসায় দুই দফায় বিদেশে নিয়েও কাঙ্ক্ষিত সুস্থতা ফেরাতে পারেননি বাবা মাহফুজুর রহমান।

এবার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। এমন পরিস্থিতিতে মাইসার চিকিৎসায় এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিএম সাবাব ফাউন্ডেশন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা মাইসার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুল ইসলাম সাবাবের পক্ষ থেকে দেওয়া এই অর্থ শিশুটির উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে। এর আগেও মাইসার চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছিল ফাউন্ডেশনটি।

পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর অন্য শিশুদের মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল মাইসা। খেলাধুলা আর হাসি-আনন্দেই কাটছিল তার শৈশব। তবে চার বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার ডিস্টোনিয়া রোগ ধরা পড়ে। রোগের প্রভাবে হঠাৎ খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। বেঁকে যায় মাথা ও পা, অসহ্য যন্ত্রণায় ছটফট করে তার ছোট্ট শরীর। নিয়মিত ওষুধ সেবনে কিছুটা স্বাভাবিক থাকলেও ওষুধের কার্যকারিতা কমে এলে আবারও শুরু হয় যন্ত্রণা।

মাইসার বাবা মাহফুজুর রহমান জানান, মেয়েকে সুস্থ করতে দুই দফায় বিদেশে চিকিৎসা করিয়েছেন তিনি। এ পর্যন্ত চিকিৎসার পেছনে জীবনের সব সঞ্চয় ব্যয় করেছেন। তবু মেয়েকে সুস্থ করে তুলতে পারেননি।

চিকিৎসকেরা মাইসার মস্তিষ্কে ডিপ ব্রেইন স্টিমুলেশন (ডিবিএস) যন্ত্র স্থাপনের পরামর্শ দিয়েছেন। এ চিকিৎসায় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন।একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে মাসে ১৫ হাজার টাকা আয় করেন মাহফুজুর রহমান। এই সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড় করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিএম সাবাব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জাহিদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার প্রধান উপদেষ্টা মো. গোলাম কিবরিয়া ভিপি, সাংবাদিক আব্দুল মোমেনসহ অন্যরা। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহিদ হাসান।

বিভিন্ন দুর্যোগ, অসহায় মানুষের চিকিৎসা এবং মানবিক সংকটে সহযোগিতা করে আসছে বিএম সাবাব ফাউন্ডেশন। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আবারও মাইসার পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

ফাউন্ডেশনের এই সহায়তা মাইসার পরিবারের জন্য কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তবে প্রয়োজনের তুলনায় এ অর্থ সামান্য। চিকিৎসার জন্য এখনো বড় অঙ্কের অর্থের প্রয়োজন।

পরিবারের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে মাইসা।

যে শিশুর শৈশব কাটার কথা ছিল হাসি-খেলায়, তার জীবন এখন চিকিৎসা আর যন্ত্রণার সঙ্গে লড়াইয়ে আটকে আছে।

সবার সহযোগিতায় আবারও মাইসার মুখে হাসি ফুটবে এমন প্রত্যাশাই পরিবারের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com