1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গুমের ৮৮৫ দিন : ৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ ইলিয়াস, মেলেনি রাষ্ট্রীয় সহায়তা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শেরপুর : মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ কারাবাস ও প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে আদালতে সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ গৃহীত হয়েছে। তবে এখনো মেলেনি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন।

নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্ম নেন ইলিয়াস আহমেদ। তার বাবার নাম আমির আলী। একটি গার্মেন্ট কোম্পানীতে এইচআর বিভাগে চাকুরীর সুবাদে গাজীপুরে থাকাবস্থায় ইলিয়াসকে ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার থেকে তুলে নেওয়া হয়। ৮৮ দিন নিখোঁজ থাকার পর ৩১ মে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের মামলায় (নম্বর ২৪৩/২০১৮) তাঁকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

এরপরও চলতে থাকে আইনি লড়াই। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। অন্যদিকে, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে তার অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪।

ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন নষ্ট হয়েছে। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে পরিবারও আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে। তিনি বলেন, “আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।”
সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন ইলিয়াস। এগুলো হলো- সরকারিভাবে নির্দোষিতার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানসহ পুনর্বাসন।

আদালতে খালাস পাওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে রাষ্ট্রীয় সহায়তা না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ইলিয়াস। তার দাবি, হারানো সময় ও জীবনের ক্ষতি পুষিয়ে নিতে শুধু আইনি মুক্তি নয়, প্রয়োজন যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com