1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

পাহাড় কেটে ইট পোড়ানোর প্রস্তুতি, থামছে না অবৈধ ভাটা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বান্দরবান : উচ্চ আদালতের নির্দেশে তিন পার্বত্য জেলায় ইটভাটা বন্ধ রাখার কথা। অথচ আদালতের সেই নির্দেশ উপেক্ষা করেই বান্দরবানে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ভাটার মালিকেরা। জেলার সাত উপজেলায় থাকা ৭৩টি ইটভাটার একটিরও বৈধ অনুমোদন নেই। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযান, জরিমানা এবং মামলা সত্ত্বেও বন্ধ হয়নি এসব ভাটার কার্যক্রম। শীত মৌসুম সামনে রেখে এরই মধ্যে প্রায় ৫০টি ইটভাটায় পুরোদমে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রয়েছে ৩০টি ইটভাটা। এর মধ্যে ২৬টিতে চুল্লি জ্বালানোর প্রস্তুতি চলছে। এসব ইটভাটার কোনোটিরই বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নেই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের অভিযান ও জরিমানা সত্ত্বেও ইটভাটার মালিকেরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইট তৈরির জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ, বনাঞ্চলের গাছ কেটে জ্বালানি কাঠ সংগ্রহ এবং প্রাকৃতিক ঝিরির পানি ব্যবহার করা হচ্ছে। ইটভাটার ধুলোবালি ও বর্জ্যে দূষিত হচ্ছে ঝিরির পানি। এতে পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর উপজেলায় ১৪টি, লামায় ৪১টি, নাইক্ষ্যংছড়িতে ৯টি, আলীকদমে ৩টি, রুমায় ২টি, থানচিতে ১টি এবং রোয়াংছড়িতে ৩টি ইটভাটা রয়েছে। অর্থাৎ জেলার সাত উপজেলায় মোট ইটভাটার সংখ্যা ৭৩টি।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তিন পার্বত্য জেলার সব ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দেন। সে সময় ফাইতংসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি ইটভাটাগুলোতে বন্ধের নোটিশও টাঙানো হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশনা ও প্রশাসনের পদক্ষেপের পরও বন্ধ হয়নি এসব ভাটার কার্যক্রম।

সর্বশেষ গত ১২ নভেম্বর দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়ার বাসিন্দা মংপ্রু মারমা বলেন, ইটভাটার চুল্লি জ্বালানো হলে কালো ধোঁয়ায় পুরো পাড়া ও বিদ্যালয়ের প্রাঙ্গণ আচ্ছন্ন হয়ে যায়। ইটভাটার গাড়ি চলাচল ও যন্ত্রপাতির শব্দে বিদ্যালয়ে শিশুদের পড়াশোনা ব্যাহত হয়। প্রতিবছরই ইটভাটার কার্যক্রম চলে। এগুলো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।

তিনি আরও বলেন, ইটভাটায় শিবাতলী খালের পানি ব্যবহার করা হয়। শ্রমিকদের আনাগোনা ও যানবাহন চলাচলের কারণে খালের পানি দূষিত হয়ে পড়েছে। ফলে স্থানীয় মানুষের পক্ষে খালের পানি ব্যবহার করা কঠিন হয়ে গেছে।

ফাইতং ইউনিয়নের একটি ইটভাটার ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাটার আকারভেদে এক রাউন্ডে ছয় থেকে আট লাখ ইট পোড়ানো হয়। এ পরিমাণ ইট পোড়াতে প্রায় ৬০০ থেকে ৭০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়। এক মৌসুমে একটি ভাটায় প্রায় ১০ রাউন্ড ইট পোড়ানো হয়। এতে মোট ছয় থেকে সাত হাজার মণ কাঠের প্রয়োজন হয়। এসব কাঠ পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা হয় বলে জানান তিনি।

আইনগত অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করেছেন ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহম্মদ। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই প্রতিবছর ইটভাটার কার্যক্রম চালানো হয়। তবে তাদের কোনো আইনগত অনুমতিপত্র নেই। ফাইতংয়ের ৩০টি ইটভাটার মধ্যে ২৬টিতে এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানের বিষয়ে তিনি বলেন, ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা আসবেন, ইটভাটা বন্ধ থাকবে না, চলবে। অতীতেও এভাবে চলেছে, এবারও চলবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাহাড় কাটার দায়ে লামা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার দায়ে ইটভাটার মালিকদের কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। পরিবেশের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান বলেন, ইটভাটার মালিকেরা উচ্চ আদালতের নির্দেশনা মানছেন না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য র‍্যাব, পুলিশ, আনসার, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আইন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত বছরও কয়েকটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু মালিকেরা রাতারাতি আবার সেগুলো নির্মাণ করেন। প্রশাসন ভেঙে দেওয়ার পরও তারা নতুন করে চিমনি তৈরি করেন। ইটভাটাগুলো দুর্গম এলাকায় হওয়ায় একবার অভিযান চালানোর পর পুনরায় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তারপরও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
……………………

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com