
বান্দরবান: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বান্দরবান জর্জ কোর্ট সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বান্দরবানে কোনোভাবেই করতে দেওয়া হবে না। কেউ মিছিল, সভা-সমাবেশের নামে নাশকতার চেষ্টা করলে তাদের ধরে আইনের আওতায় আনা হবে। বান্দরবান জেলা বিএনপি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জসীম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও জেলা পরিষদের সদস্য চনুমং, সদস্য মাওসেতু তচঙ্গ্যা, উম্যাসিং মারমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।