
ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী রফিকুল ইসলাম আধার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম দৈনিক আমার দেশ ও বাংলা ভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাব ফেডারেল কাঠামোয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।