
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে নভেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন এবং জেলার সব উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ভূমি অফিসের প্রতিনিধিরা।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সরকারি ভূমি সংরক্ষণ, অনিষ্পন্ন ভূমি-সংক্রান্ত মামলা নিষ্পত্তি, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমিসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।