
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী দাতব্য সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি শীতার্ত পরিবারের প্রধানের হাতে এসব সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল একটি শীতের হুডি জ্যাকেট, একটি কম্বল, একটি মাথার টুপি, এক জোড়া মোজা ও দুটি দাওয়াহমূলক ইসলামিক বই।
এ উপলক্ষে উপজেলার কায়দা বাজারদী গোরস্থান মসজিদ মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর সভাপতিত্বে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. যোবাইর হোসাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান হাসিব, কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা ও আহমদীয়া এতিমখানার মুহতামিম হাফেজ আহমাদ উল্লাহ, মমিনা কান্দা আল-আমিন দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, লয়খা খিচা রাণীশিমুল কওমি মাদরাসার শিক্ষক আজিজুল হক এবং বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন প্রমুখ।
এ সময় মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য, সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, তরুণ সাংবাদিক লিখন মিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শীতার্ত নারী-পুরুষ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী জানান, শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করা হলে অসহায় মানুষ শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। এ লক্ষ্যেই শীত মৌসুমের শুরুতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে অন্তত ৩০ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে নকলায় প্রথম ধাপে ৫০ জনের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো। তিনি আরও জানান, গত বর্ষা মৌসুমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারাদেশে দুই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া বন্যায় গৃহহারা শেরপুরের দরিদ্র পরিবারের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেশ কয়েকটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মানবতার সেবায় আস-সুন্নাহ ফাউন্ডেশন বরাবরই এগিয়ে রয়েছে; আর তাইতো দেশ বিদেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের খ্যাতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।