
নালিতাবাড়ী (শেরপুর) : স্বাক্ষর জাল করে ইউনিয়ন কৃষক লীগের ভুয়া কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিএনপি’র স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপি ও সমর্থককে বিতর্কিত করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলাস্থ পল্লী বিদ্যুৎ এলাকায় মোফাজ্জল হোসেন নামে এক বিএনপি সমর্থক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, বিএনপি নেতা মিজানুর রহমান শোখন ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন লিখিত বক্তব্যে জানান, গত ২৪ নভেম্বর সরকারীভাবে নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধনকালে শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রান্তিক কৃষক হিসেবে তাকে সঙ্গে নিয়ে ফিতা কাটেন। এর ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর একটি কুচক্রি মহল ফাহিম চৌধুরী এমপি ও বিএনপিকে বিতর্কিত করতে অপপ্রচার চালায়।
তিনি বলেন, কুচক্রি মহল কর্তৃক প্রকাশিত ইউনিয়ন কৃষক লীগের তালিকায় সহসভাপতি হিসেবে আমার নাম উল্লেখ করা হয়েছে। অথচ ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারে নির্দেশে তাদেরই মদদপুষ্ট পুলিশ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা বিষ্ফোরক আইনে মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রাণী করে। ওই মামলায় আমাকে ২৪ নম্বর আসামী করা হয়েছিল। তিনি বলেন, আমি মনেপ্রাণে একজন বিএনপি সমর্থক।
এসময় তিনি বলেন, প্রচারিত ইউনিয়ন কৃষক লীগের তালিকা অনুমোদনে তালিকার নিচে উল্লেখিত উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের স্বাক্ষর জাল করা হয়েছে। এ থেকেই প্রমাণিত হয়, উদ্দেশ্যপ্রণোতিভাবে মাননীয় এমপি ও বিএনপিকে বিতর্কিত করতেই ভুয়া কমিটি করে অপপ্রচার চালাচ্ছে।
এসময় তিনি খন্দকার শফিকের প্রকৃত স্বাক্ষরিত একাধিক কাগজ প্রমাণ হিসেবে উল্লেখ করেন। একই সাথে বিএনপি সমর্থক হিসেবে আওয়ামী লীগ আমলে তার নামে দায়ের করা রাজনৈতিক মামলার কপিও প্রদর্শণ করেন।