1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিদ্যালয়ের মূল্যায়নেই উত্তীর্ণ হবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণের আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত আদেশ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যাদের চিঠি দেওয়া হয়।

মহামারি করোনার কারণে কেন্দ্রীয়ভাবে জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, নাকি অন্য পন্থায় এই মূল্যায়ন করা হবে, তা এখনও ঠিক হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যাদের চিঠি দেওয়া হয়েছে।

সেই চিঠির সূত্র ধরে ঢাকা বোর্ড বুধবার (২ সেপ্টেম্বর) এক চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলেছে, এ বছর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।

এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com