
শেরপুর : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ডেনভার বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন।
সোমবার (২৩ নভেম্বর) শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করে বিজিবি। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এ ছাড়া গতকাল রবিবার (২২ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।