
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ১শ ৪৮ পিস ইয়াবাটসহ আবুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে কর্ণঝোড়া বিজিবি। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মেঘাদল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আবুল হোসেন পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের জিন্নত আলীর ছেলে।
জানা যায়, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের গারোপাহাড়ের মেঘাদল এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। অভিযানে আবুল হোসেনকে ১শ ৪৮ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তবে এসময় কৌশলে পালিয়ে যায় আরও দুই জন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে আটক আবুল হোসেনসহ তিন জনের নামে থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।