
ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে আসা শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে তারা।
বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহআলী, পল্লবী, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখনো চলছে পুলিশের ভ্রাম্যমাণ অভিযান।

মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।