
শেরপুর : শেরপুর জেলা সদর, নালিতাবাড়ী ও নকলায় ছাত্রলীগের পৃথক কর্মসূচীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও ছাত্রলীগের এক নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শেরপুর শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
অন্যদিকে ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল ও যুবদল পৃথকভাবে কর্মসূচী পালন করেছে নালিতাবাড়ীতে।
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিনে শেরপুর সদর ও নালিতাবাড়ীতে পৃথকভাবে মিছিল করেছে ছাত্রলীগ। রবিবার সন্ধ্যায় নালিতাবাড়ী শহরের কালিনগর এলাকায় নালিতাবাড়ী-শেরপুর সড়কে মিছিল করে ছাত্রলীগ। একই দিন শেরপুরের একটি ফাঁকা রাস্তায় মিছিল করে ছাত্রলীগ।
এছাড়াও সোমবার দিবাগত গভীর রাতে নকলা শহরতলীর কলাপাড়ায় কেক কেটে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ছাত্রলীগ। ফলে জেলাজুড়ে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বিকেলে শেরপুর পৌর পার্ক এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান স্মরণকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করে সদর থানা পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি অবস্থান নেয়। এর মাঝেও সকালে সদর উপজেলার একটি ফাঁকা রাস্তায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করেছে ছাত্রলীগ। নালিতাবাড়ী শহরে প্রকাশ্যে পৃথকভাবে মানিক ও রবিন নামে দুই ছাত্রলীগ কর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ নেতা হাজি মোশারফের পক্ষ থেকে নালিতাবাড়ী শহরে প্রকাশ্যে অসহায়দের মাঝে উপহার বিতরণ করেছেন শহর যুবলীগ নেতা সোহেল মিয়া। এসব কর্মসূূচী পালনের পর তা ভিডিও ধারণ করে দলের ফেসবুক পেজ এমনকি সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সরব উপস্থিতির জানান দিচ্ছে।
এদিকে ছাত্রলীগ ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রদল ও যুবদল। সোমবার বিকেলে নালিতাবাড়ী শহর ছাত্রদল শহরে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের পক্ষ থেকে নালিতাবাড়ী শহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান স্মরণকে গ্রেফতার করা হয়েছে।