
শেরপুর : শেরপুরে বিটিসিএল ভবনের কন্ট্রোলরুমে আগুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২২ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় কন্ট্রোলরুমে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। আগুনে কন্ট্রোলরুমে থাকা ২টি এসি, ১হাজার ইউনিট প্রকল্পের ওডিএফ মেশিনসহ আনুমানিক প্রায় ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কন্ট্রোলরুম বিকল হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে জেলায় টেলিফোনে সেবা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর জোনের ডিজিএমসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বিকল্প ব্যাবস্থায় টেলিফোন সেবা চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিটিসিএল শেরপুর এর সহকারী ব্যবস্থাপক (টেলিকম) মোঃ ইসমাইল হোসেন।