রফিকুল ইসলাম, যশোর: যশোরের শার্শার বেনাপোলে ৭০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার পাঁচভুলোট খলসীবাজার-গোগা রোডের নতুনহাট বটতলা মোড়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল- হাসান মন্ডল (২৮), আঃ জলিল মোড়ল (৩৫), সাত্তার আলী বিশ্বাস (৩৭), চিন্টু হোসেন (৩০)।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদ পেয়ে যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের (ডিবি) এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে রাত সাড়ে আটটার দিকে পাঁচ ভুলোট খলসী বাজার-গোগা রোডের নতুনহাট বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।