
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৩য় শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজী (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে পৌর শহরের মাদরাসা রোডের কালভার্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের মৃত: মোস্তফা গাজীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সোয়া একটার দিকে পৌর শহরের মাদরাসা রোডের কালভার্ট এলাকায় ভাড়াটিয়া ইসতিয়াক গাজী বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে তার সেলোয়ার খুলে ফেলে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দিলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয় এবং তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইসতিয়াক গাজীকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী ইসতিয়াক গাজীকে গ্রেফতার করা হয়েছে।