
শেরপুর : শেরপুর জেলা হাসপাতালের লিফট বিকল থাকায় এক গর্ভবতী নারী সিঁড়িতেই তার সন্তাব প্রসাব করেছেন। গতকাল শনিবার (২৮ আগস্ট) দুপুরে ওই প্রসূতি নারী হাসপাতালে ভর্তি হয়ে লিফট না পেয়ে সিঁড়ি বেয়ে পাঁচতলা গাইনি ওয়ার্ডে যাওয়ার সময় ডপ্রথম তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
সিভিল সার্জনের তথ্যমতে, চলতি বছরের ৭ জানুয়ারি জেলা হাসপাতালের আটতলা বিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম শুরু হয়। গত আট মাসে লিফট দুটি অন্তত চারবার নষ্ট হয়েছে। সবশেষ গত ২৪ আগস্ট থেকে লিফট দুটি বিকল হয়ে রয়েছে। আটতলা বিশিষ্ট হাসপাতালটি জুড়েই রয়েছে করোনা ইউনিট, জরুরি ভর্তি রোগীর শয্যা, ডাক্তার ম্বোর, অপারেশন থিয়েটারসহ অতিপ্রয়োজনীয় সেবা দানের বিভিন্ন বিভাগ। ফলে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে করোনা আক্রান্ত, প্রসূতি নারী, শিশু ও বয়স্করা। বিড়ম্বনায় পড়ছেন রোগী ও তাদের স্বজন, চিকিৎসক এবং নার্সগণ।
হাসপাতালে গিয়ে দেখা যায়, দুটি লিফট এক সাথে বিকল হওয়ায় রোগী, রোগীর স্বজন ও চিকিৎসার সঙ্গে জড়িতরা উঠানামা করতে পারছেন না। লিফট বন্ধ থাকায় অতি অসুস্থ মানুষজন সিঁড়ি ব্যবহারে কষ্ট পাচ্ছেন। ভুক্তভোগী ও সাধারণের অভিমত, এত বড় হাসপাতালে শুধুমাত্র দু’টি লিফট দেওয়া ঠিক হয়নি। আরও বেশি লিফট দরকার ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃষ্টির পানিতে চারদিন যাবত লিফট নষ্ট। ঠিক করতে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুর রউফ জানান, লিফট চালু করতে ইতোমধ্যে রজলার গণপূর্ত বিভাগকে অবগত করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই গণপূর্তকে বলার পরও তারা কোন অগ্রগতি করছে না। এজন্য বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।
শেরপুর গণপূর্ত বিভাগের এসডি আনোয়ার হোসেন বলেন, বুধবার আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। লিফটের বিষয়ে কোন অভিজ্ঞ লোক না থাকায় ঠিক করা যাচ্ছে না৷ যাদের কাছ থেকে (ড্যাফোডিল কোঃ) লিফট নেয়া হয়েছিল তাদের বলার পরও লোক পাঠাচ্ছে না।
এদিকে ড্যাফোডিল কোম্পানীর অংশীদার কামরুজ্জামান বলেন, হাসপাতালের লিফট আমাদের কাছ থেকে কিনে নিয়েছে নূরানী কনস্ট্রাকশন। এর কোন দায়বদ্ধতা আমাদের নেই। কোন সমস্যা হলে আমাদের জানালে আমরা গিয় ঠিক করে দেই। লোকবলের অভাবে ইঞ্জিনিয়ার পাঠাতে পারিনি। দ্রুত পাঠানোর চেষ্টা করছি।
এ বিষয়ে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান জানান, দুই সপ্তাহের মধ্যে লিফট দুইবার নষ্ট হলো। লিফটে পানি ঢুকলে লিফট নষ্ট হওয়ার সম্ভবনা থাকতে পারে বলে তার (গণপূর্ত) এক কর্মকর্তা নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছিলেন। লিফট ঠিক করার জন্য লোক বলা হয়েছে। কাল-পরশুর মধ্যে ঠিক করা সম্ভব হবে।