
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পাষন্ড জামাই ইসমাইল’কে জমি লিখে না দেওযায শাশুড়ি সুফিয়া বেগম (৮০)কে বেদম মারধর করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে সুফিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুফিয়া পৌর শহরের বাদুরতলী এলাকার মৃত মোসলেম খানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল খাঁ শ্বশুর বাড়িতে জোর করে ঘর তুলে বসবাস করে আসছে। বিভিন্ন সময় ইসমাইলকে ঘর নিয়ে যাওয়ার জন্য বলা হলেও সে যাচ্ছিল না। উল্টো ওই ঘরের জমি নিজের নামে লিখে দিতে শাশুড়িকে বলে। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন ইসমাইল খাঁ ও তার ছেলে নাঈম এবং ফেরদৌস মিলে কিল-ঘুষি, চড়-থাপ্পর দিয়ে বৃদ্ধ সুফিয়া বেগমকে আহত করে। এসময় সুফিয়াকে বাঁচাতে এসে তার ছেলে সোহরাব (৩৪) ও ছেলের বউ শাহিদা (২০) মারধরের শিকার হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।