1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জীবন অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে: পরীমনি

  • আপডেট টাইম :: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৭ দিন পর ঘরে ফিরেছেন ঘরের মেয়ে। পরীভক্তদের মনে কৌতূহল থাকাটা স্বাভাবিক। যদিও পরীমনি হয়তো চাইবেন এই ২৭ দিন ভুলে যেতে। সেটা কতটা সম্ভব সময় বলবে। কিন্তু আজ দুপুরেই জানা গেল পরীমনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত। সুতরাং আজ আর কোনো কথা হবে না তার সঙ্গে। গণমাধ্যমে পরীমনির নানা শামসুল হক বলেছিলেন এ কথা।

কিন্তু নামটা যখন পরীমনি তখন কী হবে আগে থেকে বলা কঠিন। এবারও তাই হলো। পরীমনি বিক্ষিপ্ত মন নিয়েই কথা বললেন পরিচিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে। গত ২৭ দিন সম্পর্কে জানতে চাইতেই এই প্রতিবেদককে বললেন, ‘নিয়মিত জীবন-যাপন থেকে হঠাৎ কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কোনো ফিলিংস নেই!’ এরপর নিজ থেকেই আশ্বাস দিলেন জেলজীবনের ২৭ দিনের গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। তবে আজ নয়, অন্য এক দিন।

জামিনে ছাড়া পেয়ে আজ (১ সেপ্টেম্বর) পরীমনি বাসায় ফিরেছেন। মুক্তির আনন্দ চোখে-মুখে। কেমন লাগছে? এ প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘একটা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো বাসায় চলে এলাম- এমন মনে হচ্ছে।’

তবে জীবনের এই কঠিন দুঃসময়ে পরীমনি সাংবাদিকদের অবদান বিশেষভাবে স্মরণ করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। ‘সংবাদকর্মীরা আমার জন্যে অনেক কিছু করেছেন। ক্যারিয়ারের শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত তাদের সাপোর্ট পাচ্ছি। ফলে ধন্যবাদ দিয়ে তাদের ছোট করব না। এ ভাবেই সব সময় আমার পাশে থাকবেন।’ বলেছেন পরীমনি।

এর মধ্যেই বাসায় ফিরে শুনেছেন বাড়িওয়ালা বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন। বিষয়টি উল্লেখ করে সময়ের সবচেয়ে আলোচিত এই চিত্রনায়িকা বলেন, ‘বাসায় এসেই জানতে পারলাম বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। কিন্তু আসলে কিছুই করার নেই। এ বাড়িতে আরো অনেকে থাকেন। তাদের কথাও ভাবতে হবে। তবে এই মুহূর্তে কোথায় যাবো ভেবে পাচ্ছি না। জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে!’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com