
শেরপুর : শ্যালিকা আর দুলাভাইয়ের মধ্যে চলা অনৈতিক সম্পর্ক জেনে ফেলায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় হযরত আলীকে। গত ৩০ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাটের উলুয়ারকান্দা বিলের পাশ থেকে নগ্ন অবস্থায় উদ্ধার হওয়া হযরত আলীর (৩২) লাশের মামলার তদন্তে পুলিশ এবং আদালতকে এমন তথ্য দিয়েছে অভিযুক্ত ও গ্রেফতারকৃত শ্যালিকা সাবিনা খাতুন (২৮) এবং দুলাভাই লিয়াকত আলী (৩৫)। স্ত্রীর পরকীয়ার বলি হযরত আলী পার্শ্ববর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব বাঁশকান্দা (উল্লারপাড়) গ্রামের গোলাম মস্তুফার ছেলে।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, লিয়াকত রাজধানীর উত্তরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো। প্রায় ১০ বছর আগে সাবিনা তার আগের স্বামীকে তালাক দিয়ে দুলাভাইয়ের কাছে চলে যায়। সেখানে সাবিনা দুলাভাইয়ের বাসায় থেকে অন্যের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতো। একপর্যায়ে দুলাভাই লিয়াকত-সাবিনার মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে এ কথা জানাজানি হলে লিয়াকতের সংসারে অশান্তি দেখা দেয়। ফলে দুই বছর আগে সাবিনা গোরকপুর গ্রামে নিজ বাড়িতে চলে আসে।
এদিকে প্রায় আট মাস আগে সাবিনার সঙ্গে গোরকপুরের পার্শ্ববর্তী পূর্ব বাঁশকান্দা গ্রামের হযরত আলীর বিয়ে হয়। বিয়ের পর লিয়াকতের সঙ্গে সাবিনার সম্পর্কের কথা জেনে যায় হয়রত আলী। যার কারণে পথের কাঁটা দূর করতে হযরত আলীকে হত্যার পরিকল্পনা করে সাবিনা ও লিয়াকত। পরিকল্পনা অনুযায়ী ২৯ আগস্ট সাবিনা কৌশলে স্বামী হযরত আলীকে গোরকপুর বাজারে লিয়াকতের কাছে পাঠায়। লিয়াকত তাকে বেড়ানোর অজুহাতে কুতিকুড়া গ্রামে নিয়ে যায়। সেখান থেকে উলুয়ারকান্দা বিলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হযরত আলীকে।
এদিকে হযরত আলীকে না পেয়ে পরদিন নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে হযরত আলীর ছোট ভাই আবু নাসের। একই দিন দুপুরের দিকে অজ্ঞাতনামা হিসেবে স্থানীয়দের খবরের ভিত্তিতে হযরত আলীর লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশ। লাশ উদ্ধারের খবর পেয়ে আবু নাসের হযরত আলীর লাশ শনাক্ত করে। পরে ৩১ আগস্ট সে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আটক নিহত হযরত আলীর স্ত্রী সাবিনা খাতুন (২৮) ও সাবিনার বোনের স্বামী হালুয়াঘাট উপজেলার গোরকপুর গ্রামের লিয়াকত আলী (৩৫) পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। পরদিন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর অভিযুক্ত শ্যালিকা ও দুলাভাইকে কারাগারে পাঠানো হয়।