
এম. সুরুজ্জামান : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন পৌরশহরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ ও দুই জাল ব্যবসায়ীকে জরিমানা করেছে।
জানা গেছে, কারেন্ট জাল ব্যবহার করে ছোট ছোট দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে এমন অভিযোগে শহরের কারেন্ট জাল ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে দুই জাল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলি উপজেলা পরিষদের সামনে এনে আগুনে পুড়ে ফেলা হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেরা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ^াস, উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃ দাঃ) এমদাদুল হক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সুরক্ষা সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫ মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।