
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৪শ গ্রাম গাঁজাসহ ছামাদ মিয়া (২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪’র সদস্যরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্নী বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছামাদ উপজেলার সমশ্চুড়া গ্রামের কফিল মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল নন্নী বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে ৪শ গ্রাম গাঁজাসহ ছামাদ মিয়াকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃত ছামাদ মিয়ার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।