যশোর : যশোরের শার্শার গাতিপাড়া মাধ্যমিক স্কুলে এক মেধাবী শিক্ষার্থীর বাল্যবিয়ের অভিযোগ উঠেছে। করোনা কালীন সময়ে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারনে শার্শায় বাল্য বিবাহে বৃদ্ধির কারন বলে সচেতন মহলের ধারণা। যে কারনে শার্শার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক মেধাবী শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে।
সরকারী আইন অমান্য করে বাল্যবিয়ে হলেও প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাল্যবিয়ে প্রতিরোধে কোন ভুমিকা রাখেন না।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে।
জানা গেছে, স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীর পিতা মাতা তাদের শিশু মেয়েকে বিয়ে দিচ্ছে। সরকারী আইনে অপরাধ হলেও এমন অপরাধ শার্শার বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে।
জানা যায়, শার্শার গাতিপাড়া গ্রামের আমিনুর রহমান তার ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে বেড়ি নারানপুর গ্রামের দুলু মিয়ার ছেলে রেজাউল ইসলাম (২৮) এর সাথে বাল্যবিয়ে দেয়। বিষয়টি অন্যায় দেখে আমিনূরের বড় জামাই জাহিদুল ইসলাম বাদী হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও কোন কাজ হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগকারী জাহিদুল ইসলাম বলেন, তার শ্বশুর ও শাশুড়ি তার শালীকাকে বাল্যবিয়ে দিয়ে অন্যায় করেছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক কামারুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তার স্কুলে কোন শিক্ষার্থীর বাল্যবিয়ের বিষয়ে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা জানান, অভিযোগ তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।