1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

যেসব কারণে গ্রেফতার মুফতি ইব্রাহিম

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা: ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সর্বশেষ সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে আসেন মুফতি ইব্রাহিম। ২০ মিনিটের লাইভে তিনি বলেন, আমার বাসার সামনে ডাকাত এসেছে। হিন্দুস্তানের দালাল, ‘র’-এর এজেন্টরা আমাকে নিয়ে যেতে চায়।

জানা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট, হিন্দুস্তানের দালাল, করোনা টিকা নিয়ে অপপ্রচার, জন্মনিয়ন্ত্রণ হারাম ও আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকাত বলাসহ বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মুফতি কাজী ইব্রাহিম। তার বিরুদ্ধে চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা ফারুকী খুনের পরিকল্পনারও অভিযোগ রয়েছে। ওই সময়ে তাকে আসামি করে একটি নালিশি মামলাও হয়েছিল।

কয়েক বছর ধরে মুফতি ইব্রাহিম বিতর্কিত এমন সব বক্তব্য দিয়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেন। ধর্মীয় বক্তা হলেও তার এসব বক্তব্যের ধর্মীয় ও বৈজ্ঞানিক কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না। তার এসব বক্তব্যে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হিন্দুস্তানের দালাল

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও ‘র’-এর এজেন্ট বলছেন মুফতি ইব্রাহিম। কারা এই দালাল বা ‘র’-এর এজেন্ট, তাদের পরিচয়সহ বিভিন্ন বিষয় জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আটকের বিষয়ে হারুন-অর-রশীদ বলেন, করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন কাজী ইব্রাহিম। সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে তার বক্তব্য ভাইরাল হয়। মুফতি ইব্রাহিম ফেসবুক-ইউটিউবসহ তার ওয়াজ-অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলে আসছেন। গতরাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও ‘র’-এর এজেন্ট বলেছেন। এসব নিয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্ক হচ্ছে। তাকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

করোনার টিকা নিলে তথ্য পাচার হবে

মুফতি ইব্রাহিম ২০২০ সালের ডিসেম্বরে এক খুতবায় বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বলেন, ভ্যাকসিন আবিষ্কারে বিলগেটস ও ইসরায়েলের চক্রান্ত ফাঁস হয়েছে। ভ্যাকসিনের মাধ্যমে শরীরে মাইক্রোচিপ প্রবেশ করানো হবে। এতে মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যেতে পারে। অক্সফোর্ডের ভ্যাকসিনগ্রহীতা অসুস্থ হয়ে গেছেন, ভারতের ভ্যাকসিন যিনি প্রথম নিয়েছেন তিনিও অসুস্থ। আরেক দেশে ভ্যাকসিনগ্রহীতাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্টের বরাত দিয়ে তিনি বলেন, ব্রাজিলে ভ্যাকসিন দেওয়ায় নারীদের দাড়িগোঁফ হচ্ছে, পুরুষের কণ্ঠ নারীতে বদলে যাচ্ছে।

বেশি সন্তান জন্ম দিয়ে ইউরোপ দখল করতে হবে

গত বছর এক মাহফিলে মুফতি কাজী ইব্রাহিম জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও বিতর্কিত বক্তব্য দেন। তিনি এ ব্যবস্থাকে সন্তান খুন করার সঙ্গে তুলনা করেন। তিনি ১১টি সন্তান নিয়েছেন, অন্যদেরও তাকে অনুসরণ করতে বলেন। ওই বক্তব্যে বেশি সন্তান জন্ম দিয়ে ইউরোপ দখল করে নেওয়ার স্বপ্নের কথাও বলেন তিনি।

শিশুদের টিকা দিলে এইডস হয়

মুফতি কাজী ইব্রাহিম তার একটি ওয়াজ-অনুষ্ঠানে বলেন, টিকা দিলে এইডস হয়, শিশুদের টিকা দেবেন না। একজন তাকে প্রশ্ন করেছিলেন, গর্ভবতী নারী ও শিশুদের রোগ প্রতিরোধে টিকা দেওয়া জায়েজ কিনা?

তিনি জবাবে বলেন, আমার ১১টি সন্তানের একজনকেও টিকা দিইনি। আমার সন্দেহ হয়, কী না কী আছে এই টিকার মধ্যে! আফ্রিকান জাতির এইডসের জন্য টিকা দায়ী। কোটি কোটি আফ্রিকান মুসলমানকে এইডসে আক্রান্ত করে দেওয়া হয়েছে এই টিকার মাধ্যমে। মুসলমানের সন্তানদের জন্য নিরাপত্তা ব্যবস্থা হলো আকিকা (নাম রাখার জন্য পশু উৎসর্গের প্রক্রিয়া)। আকিকা দিলে শিশু থাকবে নিরাপদ।

বক্তব্য দিয়ে ট্রলের শিকার মুফতি ইব্রাহিম

মুফতি ইব্রাহিম তার এক বক্তৃতায় করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্রও দিয়েছিলেন। সেটি হচ্ছে 1.q7+6=13। তার এমন বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে হাস্যরস তৈরি হয়। এভাবে কাজী ইব্রাহিম বিভিন্ন সময় করোনার চিকিৎসা, করোনায় মুসলিমরা আক্রান্ত হবে না, পৃথিবীর সৃষ্টি ও ভৌগোলিক বিভিন্ন বিষয়ে মতবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়েছেন। এমনকী এক প্রবাসীর স্বপ্ন দেখা করোনার সঙ্গে কথোপকথনের বর্ণনা করেও তিনি হাস্যরসের পাত্র হন।

তার পুরুষদের টেস্টোস্টেরন উৎপাদন হয় পায়ের গোড়ালি থেকে, রাত ৯টার পর ঘরে লাইট জ্বালানো থাকলে ক্যান্সার হয়, মাটির নিচে আরও ৭টা পৃথিবী আছে, যেখানে হিটলার লুকিয়ে আছে ইত্যাদি বক্তব্য ব্যাপক হাস্যরসের তৈরি করে নেটিজেনদের মাঝে।

এন্টার্কটিকা মহাদেশ নিয়ে রহস্যজনক এক মতবাদ দিতে গিয়ে তিনি এটিকে এন্টারকটিক মহাদেশ বলেও ট্রলের শিকার হন। হিটলার মারা যাননি, শেক্সপিয়ারের প্রকৃত নাম শেখ যুবায়ের প্রভৃতি বক্তব্যও বিভিন্ন সময় ভাইরাল হয়েছে।

মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে মামলা

মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। জেড এম রানা নামে একজন বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেড এম রানা নামে একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেছেন।

এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com