
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (তারিখ প্রযোজ্য) দুপুর সাড়ে ৩টায় পৌরসভা সভাকক্ষে আয়োজিত এক সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৫৫ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কোভিড-১৯, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এবং মূলধনসহ বিভিন্ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার ৩৭৮ টাকা। এসব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী রবিন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী প্রেসক্লাবের সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়দুল ইসলাম রাজন, সাবেক কাউন্সিলর রাসেল ও সাহেব আলী, পৌরসভার কর নির্ধারণকারী ইসমাইল হোসেন, বাজার পরিদর্শক ফিরোজ হোসাইন, হিসাব সহকারী তারেক হাসান, প্রধান অফিস সহকারী গোলাম রব্বানী হেবুল, কার্যসহকারী বেলাল হোসেনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাবেক কাউন্সিলর এবং গণমাধ্যমকর্মীরা।