
বাংলার কাগজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৯৭ ডেঙ্গু রোগী। নতুন করে যে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৪৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, চলতি বছর ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি সেপ্টেম্বর মাসে ২১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৬ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ২০৪ রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।
দেশের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান প্রায় ৩০০ মানুষ। তবে, সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ১৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
ডেঙ্গুর প্রকোপের এ সময়ে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টাঙানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর।
তিনি বলেন, ‘প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছিল। ডেঙ্গু জ্বরের লক্ষণ, যেমন: প্রচণ্ড জ্বর, তীব্র মাথাব্যথা, বমি, শরীরে লাল র্যাশ ওঠা, মাংসপেশিতে ব্যথা, চোখের পেছনে ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে এ চিকিৎসকের পরামর্শ হচ্ছে—মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে, ঘর ও আশপাশের যেকোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে; ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কনটেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদি প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে, রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে।