1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পে অনিয়মে জড়িত কোনো কর্মকর্তা যদি অবসরে গিয়ে থাকেন, তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পটি ২০১২ সালে শুরু হয়েছিল। তিন বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ১১ বছরেও হয়নি।

মন্ত্রী বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি সময়ের মধ্যে চলমান কাজ শেষ করতে বলেছেন।

একনেকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এর আগে সংশোধনী প্রস্তাবটি একনেকে উপস্থাপন করা হলেও অনুমোদন দেননি প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বাস্তবায়নে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। দীর্ঘ তদন্তের পর চলতি বৈঠকে সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৮২ কোটি ৪৬ লাখ টাকা।

উল্লেখ্য, ২৭৫ কোটি ৪৩ লাখ ৫১ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের জন্য ২০১২ সালের ৬ মার্চ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্প একনেকে অনুমোদিত হয়। এরপর ব্যয় বৃদ্ধি ছাড়া প্রথম দফায় ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ও দ্বিতীয় দফায় ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। পরে ব্যয় বাড়িয়ে ৬১১ কোটি ৮৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়ন মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com