1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশুলিয়ায় উপার্জন হারিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ঢাকা: সাভারের আশুলিয়ায় উপার্জনের উৎস অটোরিকশা হারিয়ে ও পারিবারিক কলহের জেরে স্ত্রী এবং মেয়ে সন্তানকে হত্যার পর গৃহকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ নভেম্বর) রাত ১০ টার দিকে ভাদাইল পবনারটেক রূপায়ন গেট এলাকার ফজর আলীর ভাড়া বাসার কক্ষ থেকে তিনটি লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, অটোরিকশাচালক ছবুর মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম ও ৯ বছরের মেয়ে শিশু সুমাইয়া আক্তার।

নিহত রোজিনা স্থানীয় মেডলার অ্যাপারেলস নামের একটি গার্মেন্টেস কারখানায় চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চরগ্রোব গ্রামে।

নিহত ছবুরের ভাই শহীদ আলী বলেন, ‘চলতি মাসের ২ তারিখে একটা নতুন রিকশা কেনেন আমার বড় ভাই। ৩ তারিখ এক দুপুর চালাইছে রিকশা। পরে দুপুর দেড়টার দিকে দুই বাটপার উঠছে রিকশায়। উইঠা জামগড়া বঙ্গ মার্কেটের সামনে রিকশা থামাইছে। পরে কইছে একটা গ্লাস আনা লাগবো কইয়া আমার ভাইরে মার্কেটের ভিতরে নিয়া গেছে। রিকশায় আরেকজন বইসা আছিলো। মার্কেটের ভিতর রশি আনা লাগবো কইয়া ভাইয়ের সঙ্গে যে আছিলো সেও ভাগছে। পরে রিকশার কাছে আইসা দেখে ভাইয়ের রিকশা নাই। ভাই আমারে কইছিলো, তোর ভাবিরে বলোস না। বললে সমস্যা আছে। পরে আমি কিছু কই নাই। অ্যারপর কাইলকা রাইতে ফোন দিছি ধরে নাই। সকালে ফোন দিছি তাও ধরে নাই। তখন আমার মনে সন্দেহ লাগলো কিছু করলো না কি ঝগড়া টগড়া কইরা। পরে সন্ধ্যার দিকে আমার বোনরে নিয়া আইসা দরজা সোমানে ধাক্কাই আওয়াজ নাই। পরে দরজার নিচ দিয়া লাইট মাইরা দেখি ভাই ঝুইলা রইছে।’

কি কারণে আত্মহত্যা করেছে এমন প্রশ্নের জবাবে শহীদ আলী বলেন, ‘কয়েকমাস আগে বাড়িত থাইকা জমি বন্দক রাইখা ৬০ হাজার ট্যাকা আইনা কিনছিলো রিকশাটা। আগে সাইডে কাজ করতো। যেখানে কাজ করতো সেখানেই টাকা মাইর যাইতো। এসব নিয়া ওরা স্বামী-স্ত্রী ঝগড়া করছে মনে হয়।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘৯৯৯-এ খবর  পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করছি, স্বামী-স্ত্রী পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের পরে আমরা আসল রহস্য জানতে পারবো।’

অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ইতোপূর্বে অফিসিয়ালি জানি নাই। তবে পরবর্তীতে আমরা জেনে এ বিষয়ে বলতে পারবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com