
বান্দরবান : দীর্ঘ দিন ধরে অকার্যকর ও সাংগঠনিক কোন কার্যক্রম না থাকায় বান্দরবান পৌর ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে অনাস্থা এনেছে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত শনিবার ১২ ফেব্রুয়ারী পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা জেলা ছাত্রলীগ বরাবর লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব জমা দেন। এতে ১ নং ওয়ার্ড বাদে সব কটি ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা স্বাক্ষর করেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পৌর শাখায় ব্যক্তি রাজনীতির হাওয়া বইছে। বর্তমান পৌর কমিটির হর্তা কর্তাগণ এর মতে যারা শুধুমাত্র ওয়ার্ডের রাজনীতি করে তারা শুধু মাত্র ওয়ার্ডেই সীমাবদ্ধ থাকবে। যদিও জেলা ছাত্রলীগ আমাদের অভিভাবক। আমাদের ব্যর্থতার দায় যদি সমগ্র ছাত্রলীগকে বহন করতে হয়, আর আমাদের সফলতার অংশিদার যদি সমগ্র ছাত্রলীগ হতে পারে, তবে আমরা ওয়ার্ড শাখা ছাত্রলীগও সমগ্র জেলার অংশ আর জেলাও আমাদের অংশ এবং আমাদের পরিবার। পরিবারের সদস্য হিসেবে অভিভাবকের কাছে যাওয়াটা দোষের কিছু কিনা তা আমাদের জানা নেই। আজ আমরা ব্যক্তি রাজনীতির বলির পাঠা।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, পৌর ছাত্রলীগের বর্তমান দুইজন বিশিষ্ট কমিটি মেয়াদোত্তীর্ণ। পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ওয়ার্ড ছাত্রলীগের সাথে কোন ধরনের সাংগঠনিক কার্যক্রম গত দুই বছর যাবৎ সংগঠিত হয়নি। বান্দরবান পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাচারিতা করে মনগড়া কমিটি জেলা ছাত্রলীগকে প্রদান করে। যে কমিটির মধ্যে অধিকাংশ অছাত্র, বিবাহিত, চাকুরীজিবী ও ফৌজদারী মামলার আসামী। পৌর ছাত্রলীগ গত দুই বছরে উল্লেখযোগ্য কোন ধরণের শিক্ষামুখি ও গণমুখি কার্যক্রম গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। যে গুটি কয়েক কার্যক্রম পরিচালনা করছে তাও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অধিকাংশ ওয়ার্ড ছাত্রলীগের সাথে সমন্বয় করেনি। বর্তমান পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভেদকরণ নীতি ও একগুয়োমি আচরণের কারণে প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ও সক্রিয়তা ঝিমিয়ে পড়েছে। গত দুই বছর যাবৎ ব্যর্থ কমিটির মাধ্যমে আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিচালনা করা ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। যেহেতু একটি ওয়ার্ড পরিচালনা করেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভুল নেতৃত্বের কারণে এই পর্যন্ত পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে ওয়ার্ড পর্যায়ে কোন ধরণের মিছিল-মিটিং কিংবা সভা-সমাবেশের আয়োজন করতে পারেনি। বর্তমান পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্ধদের কোন প্রকার যোগাযোগ না থাকায় ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দ্রুত এই অকার্যকর পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি প্রদান করার জোর দাবী জানান ওয়ার্ড ছাত্রলীগ। এবিষয়ে ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক জুনায়েদ হাছান জানান পৌর ছাত্রলীগের সভাপতি সম্পাদকের ব্যর্থতার কারণে সব ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা একত্রিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। কারন পৌর কমিটির বদনাম মানে আমাদের বদনাম তারা মনগড়া কাজ করবে আর বদনাম এর দায় আমরা নেব এটা হতে পারে না। আমরা কাজ করে বদনাম কুড়াতে চাই না। আর পৌর কমিটির মেয়াদ ও শেষ আমরা চাই নতুন কমিটি আসুক নতুন নেতৃত্ব আসুক। তাই আমরা আমাদের অভিভাবক জেলা ছাত্রলীগকে লিখিত অনাস্থা দিয়েছি পৌর কমিটির বিরুদ্ধে। আশা করি জেলা এটি বিবেবচনা করে সিদ্ধান্ত দিবে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, পৌর কমিটির বিরুদ্ধে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদকদের একটি অনাস্থা আবেদন পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। আমরা জেলাছাত্রলীগ বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, কিছু দিন পূর্বে অকার্যকর ও মেয়াদোত্তীর্ন হওয়ায় বান্দরবান কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগ। এটি নিয়ে ইতিমধ্যে ছাত্রলীগ কমিটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।