
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় স্বাধীনতার ৫০ বছরেও মেলেনি মুক্তিযোদ্ধার সনদ, ভাতা কিংবা সামান্যতম স্বীকৃতি। এ এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নেয়া অনেক হতভাগ্য মুক্তিযোদ্ধা পাকবাহিনীর আঘাতে শরীরের যন্ত্রনা নিয়ে পার করছেন যুগের পর যুগ। অনেকে আবার মসজিদের চাঁদা উত্তোলন কিংবা বৃদ্ধ বয়সে মাছ ধরে জেলের কাজ করে পার করছেন মানবেতর জীবন। এমনি এক মুক্তিযোদ্ধা আবদুল বারেক খান।
ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল বারেক খান। এক পূত্র সন্তানের আশায় সাত কন্যার বাবা হয়েছেন তিনি। সব মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। মুক্তিযোদ্ধা আব্দুল বারেক খান ধানখালী এসএইচ এন্ড আশরাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে অবসরে গেছেন। বিয়ে দিয়েছেন ৬ মেয়েকে। বাবার জমিজমা তেমন একটা পাননি। আয়ের কোন উৎস নেই তার। যে কারণে জীবিকার একমাত্র অবলম্বন চাকরীজীবি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত মেঝ মেয়ে।
শুধু বারেক খান নন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বর্তমান মুক্তিযোদ্ধাদের সুপারিশপ্রাপ্ত কলাপাড়ার ৪৪ জন মুক্তিবাহিনীর সদস্যরা এখনও পাননি মুক্তিযোদ্ধার সনদ। তাই তাদের অবিলম্বে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার দাবি বর্তমান মুক্তিযোদ্ধাদের। সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করবে সরকার এ প্রত্যাশা সবার।
আবদুল বারেক জানান, ভারতে ট্রেনিংএ গিয়ে ফেনীর মহাকুমা এলাকায় পাকবাহিনীর হাতে আটক হন। সেখানে প্রায় ১৫ দিন আটকে রেখে আমাদের অমানসিক নির্যাতন করেছে। বর্তমানে সেই আঘাতের যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। ব্যথায় রাতে ঘুমাতে পারি না।
তিনি আরও জানান, ১৯৭০ সালে ৮নং ধানখালী ইউনিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এ যোগদান করি। পশ্চিমা মিলিটারি স্বাধীনতার বিরুদ্ধে প্রত্যেক উপজেলায় অত্যাচার-নির্যাতন করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করে। পাকবাহিনীর মেজর ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন গাজীকে বলে আব্দুল বারেক খানকে ধরে দিতে হবে, না হলে আপনাকে গুলি দেওয়া হবে। বারেক খানকে ধরে দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করা হয়। তখনই সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে ৩ জন লোক নিয়ে বিভাগীয় কমান্ডার শওকত হোসেনের সাথে ভারতের ট্রেনিং এর উদ্দেশ্যে রওয়ানা করে ফেনী মহাকুমায় পৌঁছে একটি হোটেলের পঞ্চম তলায় রুম রাখতে গেলে হোটেলের ম্যানেজারকে বরিশালে বাড়ি বললে ম্যানেজার বলেন, বরিশালের ৬ জনকে গুলি করে মেরে ফেলেছে। আপনারা তাড়াতাড়ি নেমে পড়েন। এরপর আমরা নোয়াখালীর ভিতরে ঢুকে পাক আর্মি ও রাজাকারদের হাতে ধরা পড়ি। তারা আমাদের নোয়াখালী শান্তি কমিটির চেয়ারম্যান বকু মিয়ার হাতে তুলে দেয়। আমাদের হাত-পা বেঁধে তার কাচারীর মধ্যে আটকে রাখেন। ভোরে মেজর আমাদেরকে ফেনী মহাকুমার জেল হাজতে নিয়ে রাখে এবং অনেক নির্যাতন করে। পায়ের বুট দিয়ে লাথি মেরে আমার বুকের দুটি হাড় ভেঙে দেয়। সংবাদ আদান-প্রদানের জন্য একজন লোক ছিল তিনি বলেন, ভাই আপনাদের বাঁচাইতে পারব না। আজ রাতে আপনাদের গুলির নির্দেশ দিয়েছে মেজর। আসরের সময় শওকত হোসেনকে মেজর নিয়ে গেলে সে আর ফিরে আসেনি। তাকে গুলি করে মেরে ফেলে। গুলির নির্দেশের খবর পেয়ে বাঁচার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। রাস্তা-ঘাট, বাগান পরিষ্কার করার জন্য বের হয়ে বিভিন্ন কৌশল করে জেলহাজত থেকে পালিয়ে আসি। এসে মুজিব বাহিনী চরবিশ্বাস ট্রেনিং সেন্টারে যোগদান করি। ট্রেনিং অবস্থায় গলাচিপা পানপট্টি পাক আর্মির সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয। এ গোলাগুলিতে আমরা উপস্থিত ছিলাম। মুজিব বাহিনীর কমান্ডার ছিল আবুল হাসনাত আব্দুল্লাহ। যুদ্ধকালীন কমান্ডার তোফায়েল আহমেদ, কোম্পানি কমান্ডার সর্দার জাহাঙ্গীর, ট্রেনিং করিয়েছে নাজমুল হুদা, সংবাদিক হাবিবুল্লাহ রানা এবং শাহ আলম তালুকদার।
কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন সাংবাদিকদের জানান, কলাপাড়ার ৪৪জন মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে উপজেলা প্রশাসনের মাধ্যমে তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। পরে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ১০ ভাগ পাঠাতে বলেছে। আমরা আবদুল বারেকসহ ফের ১১ জনের তালিকা পাঠিয়েছি। এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। এই ৪৪ জনের সবাইকে তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, বর্তমানে এসব মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। আশা করি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এসব মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে।