
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে শুক্রবার হঠাৎ করে পিছু হটতে শুরু করেছে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। প্রতিবেশী ইউক্রেন থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি পশ্চিমাদের বিশ্বাস করাতেই রাশিয়া এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরে যাওয়ার ঘোষণার পর দুটি বিদ্রোহী অঞ্চলের একটির রাজধানী ডোনেটস্কে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছিল।
আঞ্চলিক প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যাওয়া নারী, শিশু ও বয়স্কদের প্রথমে সরিয়ে নেওয়া হবে বলে সম্মত হয়েছে রাশিয়া। অন্য স্বঘোষিত অঞ্চল লুহানস্কও একই রকম ঘোষণা দিয়েছে।
ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের দখলে রাখা পূর্ব ইউরোপের দুটি অঞ্চলে কয়েক কোটি বেসামরিক মানুষের বসবাস। এদের অধিকাংশ রুশ ভাষাভাষী এবং এদের অনেকে ইতোমধ্যে রাশিয়ার নাগরিকত্ব পেয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টায় বেসামরিক নাগরিকদের রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার প্রথম বাসটি ছাড়বে। এর আগেই শিশুদের একটি এতিমখানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে কয়েকটি সূত্র জানিয়েছিল, শুক্রবার ইউক্রেনের এই দুটি এলাকায় কিয়েভ সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তীব্র গোলা বিনিময় হয়েছে। এ ধরনের সংঘাত গত কয়েক বছরেও হয়নি। পশ্চিমা দেশগুলোর এর পরিপ্রেক্ষিতে দাবি করেছিল, ইউক্রেনে আগ্রাসনের অজুহাত খুঁজতে রাশিয়াই এই সংঘাতের জন্য বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিয়েছে।