
নালিতাবাড়ী (শেরপুর) : সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের অব্যাহত চাপের মুখে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহননকারী কৃষক শফিউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা প্রকাশ করে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করেছেন ঢাকাস্থ নালিতাবাড়ীর তরুণ শিল্পপতি, দানবীর হিসেবে স্থানীয়ভাবে খ্যাত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শফিউদ্দিনের বাড়ি নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদপাড়ায় গিয়ে শফিউদ্দিনের স্ত্রী আবেদা বেগমের হাতে এ অর্থ তুলে দেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম, নাওকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সুজন মিয়া এবং সাধারণ সম্পাদক আলম মিয়া, ট্রাক-ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নাকুগাঁও উপ-কমিটির সভাপতি নুরু মিয়া ও সাধারণ সম্পাদক রমজান আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন লিক্সনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে ১০ হাজার করে আরও ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় কৃষক শফিউদ্দিনের পরিবারকে।
এছাড়াও সাবেক কৃষিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী মুঠোফোনে শফিউদ্দিনের স্ত্রী আবেদা বেগমের সাথে কথা বলে বিচারের আশ্বস্ত করেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। পরে নেতৃবৃন্দ কৃষক শফিউদ্দিনের কবর জিয়ারত করে মোনাজাত করেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সেচপাম্প স্থাপন নিয়ে প্রতিপক্ষ আহাম্মদ আলী ও ইউপি সদস্য মজিবর রহমানের সঙ্গে দ্বন্দ্বের জেরে এবং তাদের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে ফসলের মাঠে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহনন করেন শফিউদ্দিন।