
নালিতাবাড়ী (শেরপুর) : শিক্ষদের বেতন-ভাতা না থাকলেও ছাত্র-শিক্ষকের মৈত্রী প্রচেষ্টায় প্রতিষ্ঠার পর থেকেই এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামে প্রতিষ্ঠিত হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ। একইসঙ্গে ভর্তিযুদ্ধে অংশ নিয়েও গৌরব অর্জন করে চলেছে প্রতিষ্ঠানটি।
২০১১ সালে সীমান্তবর্তী জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা প্রসারে তৎকালীণ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত কৃষিবিদ বদিউজ্জামান বাদশার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত কলেজটি সব প্রতিকূলতা উপেক্ষা করে পাশের হারে উপজেলায় শ্রেষ্ঠত্বের পাশাপাশি শতভাগ সাফল্যের স্বাক্ষরও রেখেছে। ইতিমধ্যেই এ প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়ে দেশের নামীদামী গণবিশ্ববিদ্যালয় ছাড়াও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক শিক্ষার্থী।
সরকারী কোনপ্রকার সুযোগ-সুবিধা ব্যতিরেকেই কলেজের শিক্ষকদের নিরলস প্রচেষ্টা আর শিক্ষার্থীদের নিরলস পাঠাভ্যাসে গত ২০১৭ সাল থেকে একাধারে এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। এমনকি জেলায় শ্রেষ্ঠ এবং দ্বিতীয় স্থানও অধিকার করেছে হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ।
তথ্যমতে, ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানে পাশের হার শতকরা ৭৬.৫১ ভাগ, ২০১৮ সালে শতকরা ৭২.৭৮ ভাগ, ২০১৯ সালে শতকরা ৭৩.৭৫ ভাগ, ২০২০ সালে শতকরা শতভাগ পাশের হার এবং সবশেষ ২০২১ সালের ফলাফলে শতকরা ৯২.৫৮ ভাগ পাশের হার দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও ২০২১ সালে ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিযুদ্ধে অংশ নিয়ে সফল হয়েছে এ প্রতিষ্ঠানেরই ৮ কৃতি শিক্ষার্থী।
তবে এত সাফল্যের পরও প্রতিষ্ঠানটি এমপিওভুক্তি না হওয়ায় একরাশ কষ্ট চেপে এখনও সাফল্য ধরে রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে কর্মরত শিক্ষখ-কর্মচারীরা।
প্রতিষ্ঠানটির প্রধান অধ্যক্ষ লুৎফর রহমান মুক্তা জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে গারো পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে আমরা নিরলস কাজ করে চলেছি। গেল ১১ বছরে উত্তরোত্তর সাফল্য অর্জন করার পরও এমপিওভুক্তি না হওয়া সত্যিই দুঃখজনক। আমাদের শিক্ষকরা খেয়ে না খেয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা প্রত্যাশা করি, দ্রুত সরকার প্রতিষ্ঠানটি এমপিওভুক্তি করে পাহাড়ি জনপদের শিক্ষা প্রসারে আরও যত্নবান হবে।