
নালিতাবাড়ী (শেরপুর) : দুস্কৃতিকারী হিসেবে বিভিন্ন থানায় তালিকাভুক্তির অপবাদ থেকে মুক্তি চেয়েছেন ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যুদ্ধারা।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী উপজেলরি বারমারী খ্রীষ্টান মিশন হলরুমে প্রতিরোধ যোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত আঞ্চলিক মতবিনিময় সভায় এ দাবী জানান তারা।
কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সভাপতি আনোয়ারুল হক সেলিম তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক মানু মজুমদার এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা খন্দকার মোখলেছুর রহমান মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, তাপস কুমার সাহা প্রমুখ। মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের প্রায় ২ শতাধিক প্রতিরোধ যোদ্ধা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার বিচার হলেও তার হত্যার প্রতিবাদকারীদের জন্য বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুই করেননি। তারা বলেন, আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী প্রতিরোধ যোদ্ধাদের ভাগ্য উন্নয়নের জন্য অবশ্যই কিছু একটা করবেন।
বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদ করেছি। অথচ বিভিন্ন থানায় আমাদের নাম দুস্কৃতিকারীর তালিকায় রাখা হয়েছে। ওই তালিকা অনুযায়ী আমরা দুস্কৃতিকারী। আমরা এ অপবাদ থেকে মুক্তি চাই।